মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের খন্দকার বাড়িতে গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে ঘটা এ আকস্মিক ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী খামারি মোত্তাদির।
ভুক্তভোগী খামারি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গোয়ালে গরুগুলোকে পর্যাপ্ত খাবার দিয়ে তিনি নিজ বসতঘরে ঘুমাতে যান। পরবর্তীতে গভীর রাতে ঘুম ভেঙে গোয়ালঘরের দিকে গিয়ে তিনি দেখতে পান দরজার তালা ভাঙা রয়েছে। দ্রুত ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, গোয়ালে থাকা চারটি গরুর একটিও সেখানে নেই।
চুরি হওয়া গরুগুলোর বিবরণ:
একটি কালো রঙের নেড়া গাভী
একটি কালো রঙের নেড়া বাছুর
একটি লাল রঙের ষাঁড় (ডেকা)
একটি কালো রঙের গাভী
ঘটনা সম্পর্কে মোত্তাদির আরও জানান, “গোয়ালঘরের পাশের জমিতে গরুর পায়ের তাজা চিহ্ন দেখতে পাই। আমার ধারণা, চোরেরা ওই পথ দিয়েই গরুগুলো নিয়ে পালিয়ে গেছে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে কুলাউড়া থানাকে অবহিত করলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।”
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম মুন্নার বক্তব্য জানতে তাঁর সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এলাকায় সাম্প্রতিক সময়ে গরু চুরির প্রাদুর্ভাব ও উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ খামারি ও গৃহস্থদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। তারা অতি দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া গবাদিপশুগুলো উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
পড়ুন : বাঁশখালীতে ঘরহারা ১০০ পরিবারকে ঘর দেবে প্রধানমন্ত্রী


