ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে ভিন্নমত নিয়ে পুনর্বিবেচনার কথা বলেছে জামায়াত। রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুষ্ঠু ভোটের জন্য বেশি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে গুরুত্ব দিয়ে দ্রুত ভোটের দাবি দলটির। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কমিশনের একার দায়িত্ব নয় বলে মন্তব্য করে সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, দ্রুত একটি জাতীয় সনদ দিতে চান তাঁরা।
জামায়াতের সঙ্গে প্রথম পর্যায়ে দ্বিতীয় দফা আলোচনা করেছে ঐক্যমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি দলটির প্রতিনিধি দল ও কমিশনের সদস্যরা এ বৈঠক করেন।
যত দ্রুত সম্ভব জাতীয় সনদের দিকে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
জামায়াতে ইসলামির পক্ষ থেকে, সুষ্ঠু নির্বাচন নিয়ে জানানো হয় সংশয়ের কথা।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নীতিনির্ধারকরা। দ্বিতীয় দফার বৈঠকের প্রথম পর্ব শেষে উঠে আসে নির্বাচনব্যবস্থা, সংসদের গঠন ও শাসনব্যবস্থার কাঠামোগত রূপান্তরের প্রসঙ্গ।
দলটির প্রস্তাবে রয়েছে, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের অনিয়ম ঠেকাতে টাস্কফোর্স গঠন ও অবসরপ্রাপ্ত ইসি কর্মকর্তাদের নজরদারি ও বিচারের আওতায় আনার প্রস্তাব। তবে কমিশনের কিছু প্রস্তাবে দলটি একমত হলেও, রয়েছে বিকল্প মতও।
এরআগে, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছে বিএনপিও। তবে নির্বাচনী পদ্ধতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ নিয়ে বিএনপি ও জামায়াতের অবস্থানে রয়েছে পার্থক্য।
এনএ/


