স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।
সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপিএ এর সঙ্গে এক সমঝতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবন ব্লকেড কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়, ফলে ব্যস্ত এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে প্রথমে গুলিস্তান মাজারের সামনে এবং নগরভবনের সামনে জড়ো হয়।
এসময় তারা স্লোগান দেন- শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই। শপথ নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই। দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ। জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগরভবনের সামনে আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে ৭ সিদ্ধান্ত, জানালেন উপদেষ্টা আসিফ
দেখুন: সাকিব আল হাসানের বিষয়ে সিদ্ধান্ত বদলালেন উপদেষ্টা আসিফ
এস


