মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) কর্তৃক সরকারি বই বিক্রি এবং অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টার দিকে আমঝুপি বাজারে স্থানীয় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, তৃণমূল মডেল একাডেমী এবং উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পে নতুন পাঠ্যবই অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। তারা অভিযোগ করেন, মউক-এর শিক্ষা প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম চলছে, যা শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।
বক্তারা আরও বলেন, মউক নিজেদের মতো করে বিচার কার্য পরিচালনা করে এবং এই প্রক্রিয়ায় অর্থ আত্মসাৎ করে থাকে, যার কোন আইনি বৈধতা নেই। তারা প্রশ্ন তোলেন, একটি বেসরকারি সংস্থা কীভাবে বিচার করতে পারে?
মানববন্ধন থেকে মউক-এর নির্বাহী প্রধানকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। তা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার শিক্ষক কমিটির সভাপতি ফয়জুল কবির, আমঝুপি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মারুফ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সুশীল সমাজের প্রতিনিধি আব্দুর রাজ্জাক, ছাত্র সমাজের প্রতিনিধি ফজলে রাব্বী, অভিভাবক প্রতিনিধি তারিখ, আশিক, নাহিদ, নাছিম প্রমুখ।
পড়ুন: গাঁজা-চোলাইসহ ধরা খেল ৫ জন, পাঁচবিবিতে সাজা দিলেন ইউএনও
দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ
ইম/


