সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসির মিয়া (৩৫) নামের এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার পর উপজেলার দামোধরদপী পয়েন্টে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক আসির মিয়া দামোধরদপী গ্রামের বাসিন্দা। তিনি একটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়ার সময় হঠাৎ সেখানে হট্টগোল শুরু হয়। এই সুযোগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসির মিয়া হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান।
দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. আজির উদ্দিন জানান, আমি একটি বিচার-শালিসে ছিলাম। পরে শুনেছি আসির মিয়াকে আটকের সময় হইচইয়ের মধ্যে সুযোগ বুঝে সে পুলিশের হাতকড়াসহ পালিয়ে গেছে।
ঘটনাস্থল থেকে আসামি পালিয়ে যাওয়ার পরপরই তাকে পুনরায় গ্রেপ্তারে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান ও তল্লাশি শুরু করেছে শান্তিগঞ্জ থানা-পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আসামি ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন।
শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ বলেন, হ্যান্ডকাফ নিয়ে আসামী পালিয়েছে তা ঠিক নয়। আমার অফিসার নিয়মিত মামলার আসামীকে ধরার পর মহিলারা একটু ঝামেলা সৃষ্টি করেন। তখন সে পালিয়ে যায়। আসামী হ্যান্ডকাফ নিয়ে পালায় নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে খবর নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
পড়ুন : ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


