নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রধান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যে আগামী ২৫ মে থেকে ২৭ মে সারা দেশের মতো মৌলভীবাজারেও তিন দিনব্যাপী ‘ভূমি মেলা – ২০২৫’ অনুষ্ঠিত হবে।
ভূমি মন্ত্রণালয় কর্তৃক সেবাকে জনবান্ধব এবং সহজ করে সকলের দোরগোড়ায় পৌছে দেয়ার নানা চিত্র এই মেলায় জনগণের কাছে তুলে ধরা হবে। জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মেলায় ভূমি সেবার বিভিন্ন স্টল থাকবে। এদিন সকালে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার উদ্ভোধন করা হবে।
গতকাল বুধবার (২১ মে) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে সারাদেশে চালু করা হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ডরুম, ডাকযোগে পর্চা প্রাপ্তি ইত্যাদি। এর ফলে ভূমি মালিকগণ আর ভূমি অফিসে যেতে হবেনা, জমির মালিকরা ঘরে বসে আর প্রবাসীরা সেখান থেকেই ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করে দাখিলা সংগ্রহ করতে পারবেন। এসব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে হট লাইন সেবা (১৬১২২) চালু আছে।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের এ সকল স্মার্ট উদ্যোগসমূহ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে নামজারী, অনলাইন পর্চার আবেদন গ্রহন, অনলাইনে নাগরিক মতামত গ্রহণ ও সমস্যা সমাধান, এল.এ কেসের ক্ষতিপূরণের চেক প্রদান, সেবামূলক প্রচার- প্রচারণা,ভার্চুয়াল মাধ্যমে (জুম প্লাটফর্ম) ভুমি সেবা সংক্রান্ত সেমিনার ইত্যাদি আয়োজনের মধ্যদিয়ে মৌলভীবাজারে আগামী ২৫ মে থেকে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপি এই ভূমি মেলা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: শাহীনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) অন্তরা সরকার অদ্রি এবং জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ।
এনএ/


