বিজ্ঞাপন

দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার

সরকারি বিভিন্ন দপ্তরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি ১৫০ থেকে ২২৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এজন্য কিছু শর্ত মানতে হবে তাদের।

বৃহস্পতিবার (২২ মে) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, যা আগামী এক জুলাই থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

পরিপত্রে বলা হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জরুরি কার্য সম্পাদনের সম্পূর্ণরূপে সাময়িকভাবে দৈনিকভিত্তিতে শ্রমিকদের জন্য এটি প্রযোজ্য হবে। ইতোমধ্যে জারি হওয়া ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী সরকার সাময়িক শ্রমিকের দৈনিক মজুরির হার পুনর্নির্ধারণ করেছে।

পুনর্নির্ধারিত মজুরি অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ধরা হয়েছে ৮০০ টাকা। এতদিন এ এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি ছিল ৬০০ টাকা আর অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫৭৫ টাকা। অর্থাৎ এই এলাকায় শ্রমিকের মজুরি বাড়ছে ২০০ থেকে ২২৫ টাকা পর্যন্ত।

এছাড়া বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা। এতদিন যা ছিল যথাক্রমে ৬০০ এবং ৫৫০ টাকা। সেই হিসাবে মজুরি বাড়ছে ১৫০ থেকে ২০০ টাকা। একইসঙ্গে জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ধরা হয়েছে ৭০০ টাকা। এতদিন নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫৫০ টাকা, আর অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫০০ টাকা। এক্ষেত্রেও মজুরি বাড়ছে ১৫০ থেকে ২০০ টাকা।

বেশ কিছু শর্তের কথাও উল্লেখ করা হয় পরিপত্রে। এগুলো হচ্ছে– ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী শ্রমিক নিয়োজন, মজুরি প্রদান এবং উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতসহ অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে; শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে; সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর, দফতর, সংস্থার অনুকূলে বাজেটে দেয়া বরাদ্দ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে; উল্লিখিত দৈনিক মজুরির হারে মাসিকভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না; এ বিষয়ে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং এ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, মন্ত্রণালয়, বিভাগ, দফতর, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জরুরি অত্যাবশ্যক কাজ সম্পাদনে গত এপ্রিলে ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ জারি করে সরকার। নীতিমালা অনুযায়ী, শুধু দৈনিক মজুরির ভিত্তিতে সাময়িকভাবে এ ধরনের শ্রমিক নিয়োগ দেয়া যাবে, যারা সাময়িক ধরনের কাজের জন্য নিয়োজিত হবেন। এজন্য কোনো ধরনের পদ সৃজন করা যাবে না এবং এ ধরনের শ্রমিকদের মাসে ২২ দিনের বেশি সময়ের জন্য নিয়োজিত রাখা যাবে না।

পড়ুন: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকদের

দেখুন: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন