বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তিনি আশ্বাস দেন, আসন্ন নির্বাচন হবে এমন একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন।
আজ রবিবার (২৫ মে) মৌলভীবাজারের কুলাউড়ায় দখিনা দাওয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন এবং চা শ্রমিকদের ক্ষেত্রেও সরকারকে দায়িত্ব নিতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের ভোটে নির্বাচিত হলে চা শ্রমিকদের সম্মানের সঙ্গে জীবনযাপনের সুযোগ সৃষ্টি করা হবে।
এ সময় উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক হামিদ খানসহ চা-শ্রমিক নেতৃবৃন্দ।
এর আগে সকালে ব্রাহ্মণবাজার এমএনএইচ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মহিলা সমাবেশসহ ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এনএ/


