নওগাঁ সদর উপজেলার চক এনায়েত এলাকায় সরকারি ইজারাকৃত জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ওই জমির ভোগদখলকারী ইউসুফ আলী। এ ঘটনায় ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি ও তাঁর পরিবার।
সোমবার (২৬ সে) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি দীর্ঘ ৪৬ বছর ধরে বৈধভাবে সরকারি জমির ইজারা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। নিয়মিত খাজনা পরিশোধ করে সম্পত্তি ভোগ করলেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী আমাকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে।”
ইউসুফ আলীর দাবি, তিনি নওগাঁ সদর উপজেলার চক এনায়েত মৌজার ২০ শতাংশ একটি সরকারি জমির মধ্যে ৫ শতাংশ জমির বৈধ ইজারাগ্রহীতা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় বাসিন্দা মো. লালন, মো. লিটনসহ আরও কয়েকজন বিভিন্ন সময় এই জমি দখলের চেষ্টা করেছেন। এমনকি ভয়ভীতি ও হয়রানিও করছে,” বলেন ইউসুফ আলী।
তিনি আরও জানান, এ বিষয়ে ২০২৪ সালে আদালত থেকে তার পক্ষে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশও পাওয়া গেছে। আদালতের আদেশ থাকা সত্ত্বেও ওই গোষ্ঠী দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
“এই জমিটিই আমার বাড়ির একমাত্র চলাচলের রাস্তা। এটি বন্ধ হয়ে গেলে আমরা অবরুদ্ধ হয়ে পড়ব,” — বলেন ইউসুফ আলী কবিরাজ।
ভুক্তভোগী এই ব্যক্তি বলেন, ১৯৮০ সালে আবেদনের পর তৎকালীন প্রশাসন তাঁকে প্রথমে ৩ শতাংশ জমি ইজারা দেন। এরপর ১৯৮৭ সালে আরও ২ শতাংশ জমি চলাচলের সুবিধার্থে ইজারা দেওয়া হয়। ওই সময়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ১৯৮৯ সালের ১৭ জানুয়ারি এক আদেশে বলেন, জমিটি অন্যত্র ইজারা দিলে বর্তমান ভোগকারীর চলাচল দুষ্কর হবে।
ইউসুফ আলী বলেন, “বর্তমানে আমি দখলে থাকলেও কিছু কুচক্রী মহল নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। আমি এবং আমার পরিবার এখন আতঙ্কের মধ্যে রয়েছি।”
এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। তাঁর দাবি, অবিলম্বে দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে ইউসুফ আলী কবিরাজসহ তার ছেলে ইয়াছির আরাফাত নাহিদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লালন বলেন, সরকারের সম্পত্তি দখলের কোন প্রশ্নই উঠে না। বরং ইউসুফ আলী নিজেই ওই সম্পত্তির উপর বিল্ডিং তৈরি করেছেন যেটা ওনি করতে পারেন না। জায়গাটি যেহেতু সরকারি সম্পত্তি সেজন্য জনসাধারনের জন্য উন্মুক্ত রাখতে সকলে মিলে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এটি মিথ্যা ও ভিত্তিহীন।
পড়ুন: নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
দেখুন: জেসমিনের মৃ*ত্যু ‘উচ্চ রক্তচাপে’, মানতে নারাজ স্বজনরা
এস


