শাহজালালে স্বর্ণ ও স্মার্টফোনসহ ১ কোটি ১২ লাখ ৭৭ হাজার টাকার পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা তিনটি অভিযানে স্বর্ণের বার,স্মার্টফোন, প্রসাধনীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ ৭৭ হাজার টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৪৭১ গ্রাম স্বর্ণের বার,৩৫টি স্মার্টফোন এবং বিপুল পরিমাণ প্রসাধনী ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে ব্যাংকক থেকে আসা মোঃ আবুল হোসেন নামে এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যাগেজে বিভিন্ন ধরনের প্রসাধনী, খাদ্যদ্রব্য ও ওষুধ পাওয়া যায়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

একই দিন ব্যাংকক থেকে আসা শাহ আলম আজিজ নামে আরেক যাত্রীর ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ দশমিক ৩৭৫ কেজি প্রসাধনী উদ্ধার করা হয়। প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ব্যাগেজ সুবিধার আওতায় তাকে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দেওয়া হয়। বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। এ চালানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

এ ছাড়া একই ফ্লাইটে আসা উম্মা হানি নামে আরেক যাত্রীর ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ দশমিক ৪৮ কেজি সাবান পাওয়া যায়। তাকেও ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে বাকি স্বর্ণ ও অতিরিক্ত সাবান জব্দ করা হয়। এ চালানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।

জব্দ করা পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পড়ুন : মাধবদীতে আদালতের রায় পেয়ে জমিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন