জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী শুভযাত্রা পরিবহনের এক সহকারীর বিরুদ্ধে।
সোমবার (২ জুন) বিকাল ৪ টায় সাভারের রেডিও কলোনি এলাকায় বাস থেকে নামার সময় হেনস্তার শিকার হন ঐ নারী শিক্ষার্থী। ভুক্তভোগী নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, ওই নারী শিক্ষার্থী সাভারের রেডিও কলোনি এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাস থেকে নামার সময় চালকের সহকারী তাঁকে হেনস্তা করেন। পরে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি জানান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার এক কর্মকর্তা শুভযাত্রা পরিবহনের সাভার এলাকায় কর্মরত লাইনম্যান মাসুদুর রহমানকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি ক্যাম্পাসে আসেন। রাত নয়টার দিকে শুভযাত্রা পরিবহনের অন্য দুটি বাস বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে থামিয়ে চাবি নিয়ে তিনি প্রশাসনের জিম্মায় জমা দেন।
এ বিষয়ে শুভযাত্রা পরিবহনের সাভারের লাইনম্যান মাসুদুর রহমান বলেন,, ‘আমাদের একটি বাসের হেলপার (চালকের সহকারী) বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধাক্কা দিয়েছেন— এমন তথ্য আমাকে জানালে আমি ক্যাম্পাসে আসি। যে হেলপার এমন ঘটনা ঘটিয়েছেন, তাঁকে শনাক্ত না করা পর্যন্ত শুভযাত্রা ব্যানারের অন্য দুটি বাস বিশ্ববিদ্যালয়ের সামনে (প্রধান ফটকসংলগ্ন) থামিয়ে চাবি নিয়ে প্রশাসনকে দিয়েছি। মালিকপক্ষ এসে সমাধান হলে বাস দুটি নিয়ে যাওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একে এম রাশিদুল ইসলাম বলেন, শুভযাত্রা বাসে এক নারী শিক্ষার্থী হেনস্তার ঘটনা ঘটেছে, গতকাল নারী শিক্ষার্থী রেডিও কলোনিতে চালকের সহযোগীর দ্বারা হেনস্তার শিকার হন । পরবর্তীতে সাভারের শুভযাত্রা পরিবহনের সাভারের লাইনম্যান ক্যাম্পাসে এসে প্রশাসনের জিম্মায় অন্য দুইটি গাড়ির চাবি দিয়ে গিয়েছেন। মালিক পক্ষের সাথে আমাদের ফোনে যোগাযোগ হয়েছে। আগামীকাল তারা ক্যাম্পাসে আসলে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ঢাকা থেকে বিশেষ বাস সার্ভিস শুরু
দেখুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
এস


