ফাঁকা রাজধানীতে ভোগান্তিহীন যাত্রায় নগরবাসী অনেকটাই আনন্দিত। ঈদের টানা ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ। ফলে এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা। এমন ফাঁকা ঢাকায় যানজটহীন ও ভোগান্তিহীন চলাচলে স্বস্তি প্রকাশ করেছে নগরবাসী।
ঈদুল আজহার তৃতীয় দিন আজ। বিগত দুই দিনের তুলনায় আজ সড়কে কিছুটা বেড়েছে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল। তবে কর্মব্যস্ত দিনের মতো চলাচলের দুর্ভোগ নেই আজ।
রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও শিশুমেলা ঘুরে সড়কে সরেজমিনে দেখা গেছে, বিগত দুদিন সড়কে যানবাহনের উপস্থিতি ছিল একদমই হাতে গোনা। ফলে যানবাহন সংকটে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের চলাচলে। তবে আজ সকাল থেকেই সড়কে যানবাহন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে প্রয়োজনের তাগিদে বিভিন্ন গন্তব্যগামী সাধারণ মানুষের চলাচলও।
রাজধানীর কোথাও এখন পর্যন্ত যানজটের চিত্র দেখা যায়নি। তবে বাস স্টপেজ গুলোতে গাড়ির অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়াও সড়কে নিজস্ব পরিবহন, ব্যটারিচালিত অটোরিকশা এবং সিএনজিচালিত অটোরিকশার উপস্থিতি চোখে পড়ার মতো।
সাধারণত ঈদের সময় মানুষ পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ছুটে যায়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল আর লঞ্চঘাটের সেই ঈদের ভিড়ের ছাপ এখনো এই ফাঁকা শহরে স্পষ্ট। শহরের বাসিন্দাদের বড় একটা অংশ এখন গ্রামে, পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

