ইরান মার্কিন হামলার ‘শক্তিশালী এবং বিজয়ী’ জবাব দেয়া শুরু করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাথে সম্পৃক্ত আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি।
তাসনিম জানাচ্ছে, ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে এসব হামলা চালানো হয়েছে।
এ হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে, ‘এই প্রথমবার’ ক্ষেপণাস্ত্রটি কোনো হামলায় ব্যবহার করা হলো।
সেই সাথে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।
উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। খবর বিবিসি’র।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘আমরা এটিকে কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, এর আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের একটি স্পষ্ট লঙ্ঘন বলে মনে করি।’
কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা সফলভাবে প্রতিহত করেছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে ‘বাধা দিয়েছে’ এবং ঘাঁটিটি আগেই খালি করা হয়েছে বলেও দাবি করেছেন আনসারী।


