সাম্প্রতিক ইসরায়েলি হামলায় শহীদ হওয়া ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের জাতীয় জানাজা শনিবার তেহরানে অনুষ্ঠিত হবে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আজাদি স্কয়ারের দিকে এই জানাজা শুরু হবে, যাতে অংশ নেবেন সাধারণ জনগণ, সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতৃবৃন্দ।
আজ বুধবার (২৫ জুন) বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৩ জুন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে সশস্ত্র বাহিনীর প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মিলিয়ে ৬০০ জনের বেশি নিহত হন।
জেনারেল হোসেইন সালামি, জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, জেনারেল গোলাম আলী রশিদ এবং জেনারেল আমির আলী হাজিজাদেহ—এই হামলায় শহীদ শীর্ষ কমান্ডারদের মধ্যে অন্যতম। তাদের মধ্যে সালামি ও তার অফিস ম্যানেজার মাসুদ শানেইয়ের দাফন বৃহস্পতিবার সকাল ৯টায় গোলপায়েগানে অনুষ্ঠিত হবে।
জবাবে ইরান “অপারেশন ট্রু প্রমিজ-৩” শুরু করে এবং আইআরজিসি’র এরোস্পেস ফোর্স ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয় এবং যুদ্ধবিরতির চাপ বাড়ে।
এনএ/


