লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক জহিরুল ইসলাম টিটুর ওপর হামলার অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক।
বুধবার (২৫ জুন) রাতে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে রায়পুর থানার ভেতরে এই ঘটনাটি ঘটে।
অভিযুক্ত হলেন রায়পুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা হুমায়ুন লষ্কর।
অভিযোগকারী জহিরুল ইসলাম টিটু এশিয়ান টেলিভিশন ও সময়ের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি।
অভিযোগ সূত্রে জানা যায়, থানায় একটি বিরোধ নিষ্পত্তিমূলক বৈঠকে দু’পক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক টিটু ও বিএনপি নেতা হুমায়ুন। বৈঠকের একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হলে হুমায়ুন সাংবাদিক টিটুকে অকথ্য ভাষায় গালমন্দ করেন।
বিষয়টি রায়পুর থানার এসআই জামাল হোসেনের নজরে আসলে তিনি হুমায়ুনকে সতর্ক করে বৈঠক কক্ষ থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন হুমায়ুন লষ্কর।
বৈঠক শেষে সাংবাদিক টিটু যখন মোটরসাইকেলে করে থানার বাইরে যাচ্ছিলেন, তখন হুমায়ুন তার গতিরোধ করে শারীরিকভাবে আঘাত করেন এবং প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে সরে যায়।
পরবর্তীতে সাংবাদিক টিটু সহকর্মীদের সহায়তায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এবিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা হুমায়ুন লস্করের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন : লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে অবৈধ বর্জ্য ও ময়লা অপসারণ


