কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শুভপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা এবং ৩০ লাখ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় মো. রিয়াজ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
রোববার (৩০ জুন) সকালে সেনাবাহিনীর কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
জানা যায়, শনিবার রাতে সাধারণ মানুষের সহযোগিতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শুভপুর এলাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে শুভপুরের গোমতী নদীর দক্ষিণ পাড়ের আইলের রাস্তার পাশে, মৃত আলী মিয়ার বাড়ির সামনে অবস্থিত একটি দোকানের ভেতরে রাখা একটি চালের ড্রামের মধ্যে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। একই ব্যক্তির মায়ের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় নগদ অর্থ। অভিযানে মোট দু হাজার ৯৫০ টি ইয়াবা, নগদ ৩০ লাখ টাকা, ৬টি দেশীয় তৈরি দা ও চাপাতি জব্দ করা হয়েছে।
গ্রেফতার মো. রিয়াজ পাঁচথুবি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শুভপুর এলাকার বাসিন্দা ও মৃত আলী মিয়ার ছেলে। এ ঘটনায় পলাতক আসামি মোহাম্মদ রাশেদ (৩৫), যিনি ঢাকার মোহাম্মদপুর বিহারী ক্যাম্পের সামনের মৃত শামীমের ছেলে। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সেনাবাহিনীর এই সফল অভিযান এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতেও মাদকবিরোধী লড়াইয়ে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে জানান স্থানীয়রা।
পড়ুন: কুমিল্লায় হোটেলে মাদক ব্যবসা, ২ জনের কারাদণ্ড
এস/


