কুমিল্লার বুড়িচং উপজেলায় জমির বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে দুই লাখ টাকার চুক্তিতে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছিল সেফটি ট্যাংকে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ, যারা আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বুধবার (০২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, পূর্ব বিরোধের জেরে রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতারকৃত চার আসামি হলেন- নিহতের ঝা নুরজাহান বেগম (৫০), আনোয়ার হোসেন (৩০), রুবেল আহমেদ মিন্টু (৩১) এবং মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু (২৭)। এদের সবাইকে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
ওসি আজিজুল হক জানান, ফেরদৌসী বেগম ও তার ঝা নুরজাহান বেগমের মধ্যে বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসা না হওয়ায় নুরজাহান তার দেবরপত্নিকে হত্যার পরিকল্পনা করেন এবং আনোয়ার নামে এক যুবকের সঙ্গে দুই লাখ টাকার বিনিময়ে চুক্তি করেন। পরে এই হত্যায় অংশ নেয় আরও দুই যুবক রুবেল ও জিল্লু।
গত ২৭ জুন (শুক্রবার) সকালে নির্জন একটি বাগানে ফেরদৌসী বেগমকে হত্যা করে তার মরদেহ বস্তাবন্দি করে একটি সেফটি ট্যাংকে ফেলে দেওয়া হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং খোঁজাখুঁজি চলতে থাকে।
মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয়রা বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি সেপটিক ট্যাংকে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের ছেলে ইকরামুল হাসান এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ প্রথমে নুরজাহানকে আটক করে এবং তার জবানবন্দিতে বাকি তিন আসামির নাম উঠে আসে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সবাইকে গ্রেফতার করে।
তদন্তের সময় আসামিদের কাছ থেকে নিহতের কানের দুল ও গলার চেইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে তারা হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পড়ুন: পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধীদের অবস্থান, ওসির অপসারণ দাবি
দেখুন: পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধীদের অবস্থান, ওসির অপসারণ দাবি
ইম/


