দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই লঙ্কানদের চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে অভিজ্ঞ কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কার ব্যাটে সেখান থেকে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বিশেষ করে আসালঙ্কা দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে আরেক প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। তাতে আসালঙ্কা সেঞ্চুরি করলেও বড় সংগ্রহ পায়নি দল। তাসকিন-তানভীরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আড়াইশর আগেই অলআউট হয় শ্রীলঙ্কা।
সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার (২ জুলাই) টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। টাইগারদের পক্ষে ৪৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাসকিন। ৪৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তানজিম সাকিব। লঙ্কানদের পক্ষে ১০৬ রানের ইনিংস খেলেছেন আসালাঙ্কা।
দুই ম্যাচের টেস্ট সিরিজটা ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে তাই এগিয়ে থাকতে চায় লাল সবুজরা। টস হারলেও বল হাতে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। দলের খাতায় ২৯ রান যোগ হতেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। ৮ বলে ০ রানে তানজিম সাকিবের গতি আর বাউন্সে পরাস্ত হয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাথুম নিশাঙ্কা। এরপর জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের তোপে ১৩ বলে ৬ রান করে নিশান মাদুশকা বোল্ড হওয়ার পর ৪ বলে ০ রানে ক্যাচ দিয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস।
চাপ সামলে চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ইনিংসের ১৯তম ওভারে তাদের জুটি ভেঙে টাইগার শিবিরে স্বস্তি ফেরান অভিষিক্ত স্পিনার তানভীর ইসলাম। ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৫ রান করে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন কুশল। এরপর জানিথ লিয়ানাগেকে নিয়ে ফের ৬৪ রানের জুটি গড়েন আসলাঙ্কা। তাদের জুটি ভাঙতে পার্ট টাইম বোলার নাজমুল হোসেন শান্তকে এনে সফল হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৪০ বলে ৪ চারের মারে ২৯ রান করে ক্যাচ দিয়ে ফেরেন লিয়ানাগে।
তবে একপ্রান্ত আগলে রেখে ক্রিজের আধিপত্য বজায় রাখেন আসালাঙ্কা। ষষ্ঠ উইকেটে তার সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে বিদায় নেন মিলান রত্নানায়েকে। ৩১ বলে ৩ চারের মারে ২২ রান করা এ ব্যাটারকে বোল্ড করেন তানজিম সাকিব। এরপর আবার ঝলক দেখান পেসার তাসকিন। ওয়ানিন্দু হাসারাঙ্গার পর তার শিকার হন মাহিশ থিকশানা। হাসারাঙ্গা ২২ বলে ২২ রান আর থিকশানা ২ বলে ১ রান করে আউট হন। তবে সতীর্থরা আসা-যাওয়ার মাঝে থাকলেও ক্রিজ আঁকড়ে ধরে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন আসালাঙ্কা। শেষ পর্যন্ত ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করে ইনিংসের শেষ ওভারে তানজিম সাকিবের শিকান হন আসালাঙ্কা। তার আউটের পর শেষ হয় লঙ্কানদের ইনিংসও।
পড়ুন : টস হেরে বোলিংয়ে বাংলাদেশ


