ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সোহরাব মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর দুইটার দিকে চাতলপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোহরাব মিয়া চাতলপাড় ইউনিয়নের মোল্লা গোষ্ঠীর সমর্থক। তিনি ওই ইউনিয়নের চান মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, চাতলপাড় ইউনিয়নের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এসব ঘটনায় তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। স্থানীয়ভাবে বিচার শালিসের মাধ্যমে কিছু বিরোধ নিষ্পত্তিও হয়েছে। সবশেষ শনিবার দুপুরে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। দুই পক্ষই দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাখানের ধরে চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর একজন নিহত হন এবং উভয় পক্ষের অন্তন্ত ৩০ জন আহত হন। আহতদের অনেকেই নাসিরনগর না এসে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, দুই গোষ্ঠীর দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারি শুরু হয়। একজন নিহত হয়েছে। লুটপাটের ঘটনা ঘটেছে। বন্ধ রয়েছে পুরো বাজার। মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর চাতলপাড় বাজারের প্রায় ৫ শতাধিক দোকানঘর বন্ধ হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শানিহা নাসরিন বলেন, সংঘর্ষে একজনের মৃত্যুর খবরের পর লুটপাটের ঘটনা শুনেছি। আমি সেনা বাহিনী মোতায়েনের বিষয়ে কথা বলেছি।
এই বিষয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানোর প্রস্তুতি চলছে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় জেল, প্রতিষ্ঠান সিলগালা


