ভাড়া বেশি নেওয়া ও খারাপ আচরণের অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলস্টেশনে প্রায় এক ঘণ্টা ধরে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন আটকে রাখে উত্তেজিত জনতা। এ সময় এক টিটিইকে মারধরের ঘটনাও ঘটে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে। ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।
উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, জীবননগরের সেনেরহুদা গ্রামের এক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং খারাপ ব্যবহার করেন এক টিটিই। বিষয়টি জানালে ওই যাত্রীর গ্রামের প্রায় ২০০ জন স্থানীয় লোক স্টেশনে এসে ট্রেনটি অবরোধ করে এবং অভিযুক্ত টিটিইকে খুঁজতে থাকে।
তিনি আরও জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত টিটিই দরজা বন্ধ করে মালবাহী একটি বগিতে আশ্রয় নেন। তাকে খুঁজে না পেয়ে উত্তেজিত জনতা অন্য এক টিটিইকে কয়েকটি চড়-থাপ্পড় মারে।
“টিটিইটি ধরা পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত,” বলেন স্টেশন মাস্টার। পরে তিনি ও জীবননগর থানা পুলিশ জনতার কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করেন। প্রায় ৫৫ মিনিট পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ বিষয়ে উথলী রেলস্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তবে প্রবল বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে যেতে পারেননি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার কথা বলেন তিনি।
জীবননগর থানার পরিদর্শক মামুন হোসেন বলেন, পোড়াদহ রেলওয়ে থানার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে যায়। একজন যাত্রীর সঙ্গে টিটিইর অসৌজন্যমূলক আচরণের জেরেই লোকজন ট্রেন আটকে রাখে।
টিটিইকে মারধরের বিষয়ে তিনি বলেন, পুলিশের উপস্থিতির সময় এমন কিছু ঘটেনি। তবে তার আগে কিছু হয়ে থাকতে পারে। বিষয়টি পরে মীমাংসা হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেলে চুয়াডাঙ্গা সদরের আমিরপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। ওই সময়ও খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তা ছেড়ে যায়।
পড়ুন : চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


