ঢাকা কলেজের শহীদ মো. ফরহাদ হোসেন হলের রিডিং রুম সংরক্ষণ, সংকোচন রোধ ও উন্নয়নের জন্য অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুলাই) ২ টা ৪৫ মিনিটে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস-এর কাছে ৬ দফা দাবিসহ স্মারকলিপির একটি হার্ডকপি তুলে দেন ফরহাদ হলের শিক্ষার্থীবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, শহীদ ফরহাদ হোসেন হলের সাধারণ আবাসিক শিক্ষার্থীরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, হলের রিডিং রুমটি যেটি মূলত শিক্ষার্থীদের নীরব ও মনোযোগী পাঠচর্চার জন্য নির্ধারিত, তা বন্ধ বা সংকুচিত করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ ও পড়াশোনার সুযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হবে।
ঢাকা কলেজ ক্যাম্পাসে মোট সাতটি আবাসিক হল থাকলেও, মাত্র দুটি হলে কার্যকর রিডিং রুম রয়েছে। বর্তমানে রিডিং রুমের এই অপ্রতুলতা ছাত্রদের চাহিদা পূরণে পর্যাপ্ত নয়। শহীদ ফরহাদ হোসেন হলের রিডিং রুমটি বন্ধ বা সীমিত পরিসরে চালু রাখলে পাঠচর্চার এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।
রিডিং রুম এমন একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো, যা আবাসিক ছাত্রদের জন্য একটি সুশৃঙ্খল, নীরব ও মনোনিবেশে সহায়ক পাঠচর্চার পরিবেশ নিশ্চিত করে। বিশেষ করে যারা কক্ষে শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পারেন না, তাদের জন্য এটি একমাত্র বিকল্প।
পাশাপাশি ৬ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবিসমূহ-
১। শহীদ ফরহাদ হোসেন হলের রিডিং রুম সম্পূর্ণরূপে সংরক্ষণ করতে হবে।
২। এটি কোনোভাবেই বন্ধ বা সংকুচিত করা যাবে না।
৩। রিডিং রুমের পরিসর ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।
৪। পর্যাপ্ত আলো, ফ্যান, চেয়ার-টেবিল ও শৃঙ্খলার ব্যবস্থা করতে হবে।
৫। রিডিং রুম ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় অতিরিক্ত রিডিং রুম স্থাপনের পরিকল্পনা গ্রহণ করতে হবে।
পড়ুন: রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার
দেখুন: ই-টিকিটিং বাসেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ
ইম/


