কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
সোমবার ১৪ জুলাই বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ। এর আগে রবিবার রাতে উলিপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।
সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে ১২৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার নগদ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ বলেন, আটক দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ৩
এস/


