চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দি ভান লাল রোয়াল বম (৩৫) নামে এক পাহাড়ির মৃত্যুকে ‘পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটি এ ঘটনায় অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বন্দিদশায় ভান লাল রোয়াল বমের মৃত্যুর ঘটনায় শুক্রবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের কেন্দ্রীয় সিনিয়র সদস্য সচিব চাকমা এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বম জাতিগোষ্ঠীভুক্ত বন্দিদের একের পর পর হেফাজতী মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো ভাবেই এর দায় এড়াতে পারে না।
‘ভান লাল রোয়াল বমের মৃত্যু ছিল একই কারাগারে তৃতীয় হেফাজতী মৃত্যুর ঘটনা, যা যে কোনো বিবেকবোধ সম্পন্ন মানুষকে উদ্বিগ্ন না করে পারে না। ইতিপূর্বে ১৫ মে লাল ত্লেং কিম বম (৩০) ও ১ জুন লালসাং ময় বম (৫৫) কর্তৃপক্ষের অবহেলায় সুচিকিৎসার অভাবে চট্টগ্রাম কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।’- বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা কারা কর্তৃপক্ষের ‘দৃশ্যত ইচ্ছাকৃত অবহেলা’র অভিযোগ তুলে বলেন, ‘আটক বমদের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের বিরুদ্ধে রাষ্ট্রের পরিচালিত জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিং নীতির অংশ।’ এছাড়া তিনি অবিলম্বে কারাগারে আটক বমদেরসহ ইউপিডিএফ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেয়ারও দাবি জানান।
পড়ুন: পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল
এস/


