জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে শহিদ হওয়া বীর সন্তানদের স্মরণে চুয়াডাঙ্গায় পালিত হলো “এক শহিদ, এক বৃক্ষ” কর্মসূচি। শনিবার (১৯ জুলাই ২০২৫) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সাহিত্য মঞ্চসংলগ্ন স্থানে কর্মসূচির অংশ হিসেবে দুটি কৃষ্ণচূড়া চারা রোপণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কুষ্টিয়ার সামাজিক বন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে শহিদ মো. শাহারিয়ারের পিতা এবং শহিদ মো. মাসুদ রানার সহধর্মিণী ও তাঁদের সন্তান স্বহস্তে চারা দুটি রোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামাজিক বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এক মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের ত্যাগের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন: শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন
দেখুন: ২৪ ডিসেম্বর নয়, রাজধানীতে ৩০ তারিখ বিএনপির গণমিছিল
ইম/


