চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার পর নিখোঁজ রয়েছেন মোহাম্মদ লাল চান নামে এক বাংলাদেশি। শনিবার রাতে জেলার সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর আর ফিরে আসতে পারেন নি এবং তার কোন খোঁজও মিলছে না।
স্থানীয়দের কাছ থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
স্থানীয়রা জানান, মোহাম্মদ লাল চান নারায়ণপুর ইউনিয়নের কালুপুরের বাসিন্দা। শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। অন্যরা ফিরে আসলেও লাল চান ফিরে আসেন নি। সকালে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে কেউ বলতে পারেন নি।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, স্থানীয়দের কাছ থেকে বিজিবি লাল চানের সীমান্ত অতিক্রমের খবর জেনেছে বিজিবি। পরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তিনি বলেন, নারায়ণপুর সীমান্তে গতরাতে (শনিবার রাতে) কোন গুলির শব্দ শোনে নি বিজিবির টহল দল। কাজেই তার মারা যাওয়ার খবর সঠিক নয় বলেই মনে করছে বিজিবি।
পড়ুন: গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি
দেখুন: বৃষ্টিপাত কম হওয়ায় নেত্রকোণায় আমন আবাদ ব্যাহত |
ইম/


