ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে গেলে সাইফুল ইসলাম (৪২) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন।
তিনি কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাইকার সংগঠন ‘ফিউরিয়াস মটো ক্লাব’-এর প্রেসিডেন্ট ছিলেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন।
তিনি জানান, প্রাইভেটকারটি ঢাকামুখী ছিল। গৌরীপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। খাদে পানি ও কচুরিপানা থাকায় উদ্ধারকাজে সময় লেগেছে। স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবারের দাবি, সাইফুল ইসলাম জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলেন এবং তার সঙ্গে একটি বড় অংকের নগদ অর্থ ছিল, যা দুর্ঘটনার পর আর খুঁজে পাওয়া যায়নি। সাইফুল ইসলামের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
পড়ুন: মেহেরপুরে মরা গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে কারাদণ্ড
দেখুন: আমাদের স্কুল | মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
ইম/


