০৯/০২/২০২৬, ২০:২১ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/০২/২০২৬, ২০:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীর দুমকীতে বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একাধিক গ্রাম লোহালিয়া নদীর জোয়ার ও টানা বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে। প্রবল স্রোতের চাপে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেরিবাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় এলাকাগুলোতে হঠাৎ করে নদীর পানি ঢুকে পড়েছে। এতে বসতঘর, রাস্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং ধারাবাহিক ভারী বর্ষণের ফলে লোহালিয়া নদীতে পানি ও স্রোতের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে গেছে। এর ফলে মুরাদিয়ার উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি ও দক্ষিণ মুরাদিয়া গ্রামের অন্তত পাঁচটি স্থানে বেরিবাঁধ ভেঙে জোয়ারের পানি গ্রামে ঢুকে পড়ে। গ্রামীণ কাঁচা সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান জানান, উত্তর মুরাদিয়ার বশিরিয়া মাদ্রাসা-সংলগ্ন পাকা রাস্তার বড় একটি অংশ ভেঙে গেছে। এছাড়াও সন্তোষদি সুইজগেট, পাংসিঘাট এবং দক্ষিণ মুরাদিয়ার হাওলাদারবাড়ি এলাকার বেরিবাঁধ ভেঙে আশপাশের ঘরবাড়ি ও রোপা আমনের বীজতলা পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের সময় নদীতীরবর্তী মানুষরা কার্যত পানিবন্দি হয়ে পড়ছেন।

তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে পাউবো কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে পানি নামার আগ পর্যন্ত মেরামত কাজ শুরু করা সম্ভব নয়। বিলম্ব হলে আসন্ন আমন মৌসুমে কৃষিতে বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, পাউবো পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী মো. নিরব হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ চেয়ে ঢাকায় প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীর দশমিনায় বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণসহ অত্যাচারের বিচার দাবীতে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন