ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর ব্রিজসংলগ্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মো. টিপু সুলতান (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সল উদ্দিন।
জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারার আলোকে বালু উত্তোলন ও সংরক্ষণের ক্ষেত্রে পরিবেশের ক্ষতি হচ্ছে এমন কার্যক্রম নিষিদ্ধ। অথচ খড়মপুর ব্রিজের আশপাশে পরিবেশবিধি অমান্য করে বালু ব্যবসা পরিচালনা করছিলেন টিপু সুলতান। বিষয়টি নজরে এলে সংশ্লিষ্ট প্রশাসন অভিযান পরিচালনা করে তাকে অর্থদণ্ড প্রদান করে।
এ সময় ব্রিজসংলগ্ন এলাকা থেকে বাল্কহেড সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে পরিবেশবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকারও নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা।
আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবিধি লঙ্ঘন করে কেউ কোনো ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
পড়ুন : আখাউড়ায় ট্রেনের পার্সেল বগি থেকে ১৫ লাখ টাকার ভারতীয় পোশাক উদ্ধার


