জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় চার ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি চলছে বলে জানা গেছে। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সব সড়কে যানজট হয়েছে।
সকালের পর থেকে শাহবাগ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট।
অবরোধে অংশ নেওয়া অনেকেই বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে তাঁদের কর্মসূচি চলবে।
এ সময় তাঁরা ‘জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে ‘ স্লোগান দিতে থাকেন।
অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা, শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা, আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, অবরোধের ফলে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে যানজট সৃষ্টি হয়েছে।
পড়ুন : ৪৪তম বিসিএসের ফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের সঙ্গে হাতাহাতি


