১৩/০২/২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শাহবাগে সমাবেশস্থলে ছাত্রদলের নেতা কর্মীদের স্রোত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে আসছেন নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বেড়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। বেলা দুইটা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা।

সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে।

সংগঠনের নেতা কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশস্থলে আসছেন । ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকা হাতেও অনেককে দেখা গেছে।

সমাবেশস্থলে ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন নেতা কর্মীরা।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। সঞ্চালনা করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

এদিকে সমাবেশের কারণে শাহবাগ ও আশপাশের সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন : এনসিপি-ছাত্রদলসহ ৩ সংগঠনের সমাবেশ রোববার, কী হবে আজ ঢাকায়?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন