দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের অবৈধ সম্পদের হিসেব নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
সোমবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া উচ্চ বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোট পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আবুল খায়ের বলেন, “অতীতে যারা রাষ্ট্র লুট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হাসিনাসহ তার দোসরদের ইউনিয়ন ও গ্রামপর্যায়ে অবৈধ সম্পদের হিসেব নিতে হবে। তারা দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছে, অনেকেই পালিয়ে বিদেশে সম্পদ গড়েছে। সেই টাকা জনগণের উন্নয়নে ফিরিয়ে আনতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “হাসিনাসহ সরকার দলীয়রা নিরাপরাধ মানুষ হত্যা করেছে, গুম-খুন করেছে। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করে এখনও কোনো খোঁজ দেয়নি সরকার। দেশের ৬২ লাখ বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে।”
আবুল খায়ের বলেন, এখনো সময় আছে—গণতন্ত্র ফিরিয়ে আনতে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশের মানুষ জবাব দিতে জানে।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী প্রমুখ।
পড়ুন: দেশের প্রথম রেলস্টেশন কক্সবাজারে বসলো স্ক্যানার মেশিন
দেখুন: বিপিএল: শীর্ষে সিলেট, তলানিতে ঢাকা |
ইম/


