ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার বরুড়ায় বিশাল বিজয় মিছিল করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বরুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এই বিজয় মিছিল শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরুড়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন গণতন্ত্রের জন্য একটি অবশ্যম্ভাবী ইতিহাস ছিল। খুনি হাসিনা সরকারের দুঃশাসন, জুলুম আর গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলনে নেমেছিল। সেই আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচার পতনের বিজয় এসেছে। আজকের এই মিছিল সেই বিজয়ের আনন্দ-গৌরবের প্রতীক।”
তিনি আরও বলেন, “এখনো ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রহীনতার অপচেষ্টা চলছে। তাই আমাদের আন্দোলন চলমান থাকবে। বরুড়া থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসমূহ দৃঢ় অবস্থান নিয়ে লড়াই চালিয়ে যাবে।”
বিজয় মিছিলে উপজেলা বিএনপির আহবায়ক কাউসার আলম সেলিম, সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ রেজাউল হক রেজু, যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেল কল্লোল, পৌর বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সদ্দার, সদস্য সচিব মফিজুল ইসলামসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাজীপুরে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
দেখুন: বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনের পদত্যাগ
ইম/


