নতুন একটি সিনেমায় আইটেম গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমার এই গানে পর্দায় পারফর্ম করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। প্রাণবন্ত নৃত্য ও গ্ল্যামারাস উপস্থিতিতে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন তিনি।
‘নো চিন্তা ডু ফুর্তি/এনজয় কর নাইট/ ডিজে পার্টির ড্যান্স ফ্লোরে লাল নীল লাইট’– এমন কথার পার্টি ঘরানার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব। সম্প্রতি রাজধানীর মগবাজারে ফোকাস স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গানটি সিনেমার একটি বিশেষ মুহূর্তে ব্যবহার করা হবে, যা দর্শকদের জন্য বাড়তি বিনোদন যোগ করবে।
গানটি প্রসঙ্গে কোনাল বলেন, দীর্ঘদিন পর আইটেম গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। আগে বেশ কিছু প্রস্তাব পেলেও গানের কথা পছন্দ না হওয়ায় সেগুলোতে কণ্ঠ দেননি। তবে ‘তছনছ’-এর এই গানটির কথা, সুর ও উপস্থাপনা তাঁর কাছে ভিন্নমাত্রা তৈরি করেছে। তিনি আশা করছেন, গানটি মুক্তির পর শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলবে
এদিকে ববি বলেন, ‘এই গানের জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করতে হয়েছে। নাচের রিহার্সাল থেকে শুরু করে লুক– সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করেছি। দর্শকরা আমাকে ভিন্ন রূপে দেখবেন।’
বর্তমানে স্টেজ শো ও নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোনাল। ‘কসম’ নাটকে তাঁর গাওয়া গান ‘বন্ধু তোরে দেখতে মন চায়’ শ্রোতারা বেশ গ্রহণ করেছেন।
অন্যদিকে এক সময় অভিনয়ে নিয়মিত থাকলেও এখন অনিয়মিত কাজ করছেন চিত্রনায়িকা ববি। কাজ করেন খুব বুঝেশুনে। আর মুক্তির অপেক্ষায় আছে তাঁর বেশ কটি সিনেমা। তাঁর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল ‘ময়ুরাক্ষী’। অনেক দিন হলো তাঁর নতুন সিনেমা মুক্তি পায়নি। পর্দায় না থাকলেও সামাজিক মাধ্যমে সরব তিনি। জানা গেছে, তাঁর হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ।
পড়ুন:নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
দেখুন:মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরান নিয়ে ভয়ংকর তথ্য, আন্তর্জাতিক সব খবর! |
ইমি/


