ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতি, মারামারি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ১৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল্লাহ (৪০)। তিনি উপজেলার শিবনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মঙ্গল মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে আখাউড়া থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মনিয়ন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) পুষন সাহা। তাঁর সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সজিবুল হাসান, ওমর ফারুক ও আবুল হোসেনসহ পুলিশের একটি দল।
থানার রেকর্ডপত্র ও পিসিপিআর (Police Clearance/Crime Record) যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তার আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতি, মারামারি ও মাদক সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত।
আখাউড়া থানার পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়েছে


