বিজ্ঞাপন

এনবিআর বিভক্তির অধ্যাদেশ থেকে সরে আসার সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলনের মুখে এনবিআর বিভক্তি নিয়ে জারি করা অধ্যাদেশ কার্যকর করা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে অধ্যাদেশটি সংশোধন করা না পর্যন্ত এনবিআরের সকল কার্যক্রম আগের মতো চলবে। কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সকল কার্যক্রম পরিচালনা করবেন বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয় জানায়, গত ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এনবিআরের আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে ২০ মে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন অর্থ উপদেষ্টা; বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা; পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা এবং রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির ৫ জন সদস্য। এ সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ জন প্রতিনিধি সভায় অংশ নেন। সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দুইজন প্রতিনিধি, রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির সদস্যরা বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন। উপদেষ্টারা সকলের বক্তব্য শোনেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।

আলোচনায় উত্থাপিত সকল বিষয় অত্যন্ত সহানুভুতির সাথে বিবেচনায় নিয়ে সভা শেষে অর্থ উপদেষ্টা সিদ্ধান্ত দেন, রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটিসহ সকল অংশীজনের সাথে বিশদ আলোচনাক্রমে জারীকৃত অধাদেশে প্রয়োজনীয় সংশোধন আনার পর, অধ্যাদেশটি বাস্তবায়ন করা হবে।

এমন ফলপ্রসু আলোচনার পর যে বাস্তবসম্মত সিদ্ধান্ত জানানো হয়েছে তা মেনে না নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পুনরায় অসহযোগ আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করেছে তার কোন যৌক্তিক কারণ নেই বলে উল্লেখ করে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে যেসব বিষয় উল্লেখ করা হয়:

১. যেহেতু অধ্যাদেশটি প্রয়োজনীয় সংশোধন করে বাস্তবায়ন করার কাজটি অনেক সময়সাপেক্ষ, সেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম পূর্বের ন্যায় অব্যাহত থাকবে এবং কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা-কর্মচারিগণ বিদ্যমান ব্যবস্থায় সকল কার্যক্রম সম্পাদন করবেন।

২. বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের স্বার্থ অক্ষূন্ন রেখে পৃথকীকরণের প্রশাসনিক কাঠামো কিভাবে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড ও গুরুত্বপূর্ণ সকল অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।

৩. বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।

৪. কাস্টমস ও কর ক্যাডারের সদস্যদের কোন পদ-পদবি কমানোর কোন পরিকল্পনা সরকারের নেই বরং সংস্কার কাজ সম্পাদন হলে তাদের পদসংখ্যা বৃদ্ধি পাবে এবং সচিব পদে নিয়োগসহ পদোন্নতির সুযোগ আরো অনেক বেশি বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

পড়ুন : এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবিতে অসহযোগ কর্মসূচির ডাক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন