পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজ, রাজনীতি ও অর্থনীতির মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দারিদ্র্য ও সামাজিক অপরাধও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় কৃষিজমিই ছিল মানুষের প্রধান সম্পদ। কিন্তু প্রযুক্তির বিকাশের ফলে মানুষের চিন্তা-চেতনা ও কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
তিনি বলেন, শুধু অর্থ বিনিয়োগ করলেই দারিদ্র্য দূর হয় না। সম্পদ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক-অর্থনৈতিক সমন্বয়ের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব। এজন্য সামাজিক অবক্ষয় ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদক ও সামাজিক অপরাধ প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, একনেক সভায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ফেনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও বরাদ্দ দেওয়া হবে। ফেনী জেলার প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ সুদৃষ্টি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়নি; তিনি নিজ ইচ্ছায় পদত্যাগ করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং এফবিসিসিআই সংস্কার কমিশনের আহ্বায়ক জাকির হোসেন নয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শপথগ্রহণ অনুষ্ঠানের আহ্বায়ক ও সাবেক পরিচালক মুশফিকুর রহমান পিপুল। সঞ্চালনা করেন সাবেক পরিচালক জালাল উদ্দিন বাবলু। বক্তব্য দেন সংগঠনের সদ্য সাবেক সহসভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফরিদ উদ্দিন পাঠান এবং নবনির্বাচিত সভাপতি হারুন অর রশীদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা হক নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে সংগঠনের সাবেক নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ জুন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়।
পড়ুন : রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী


