বিজ্ঞাপন

কর্মসংস্থানের খোঁজে নেত্রকোনা টিটিসিতে চাকরি মেলা, সিভি দিলেন ১৪৪ জন

কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় দিনব্যাপী ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলার নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নিজস্ব ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ মেলার আয়োজন করা হয়। সরকারের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপ) প্রকল্পের আওতায় মেলাটি বাস্তবায়িত হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ মেলায় নেত্রকোনা বিসিক শিল্পনগরীর পাঁচটি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো হলো- মুসা কেমিক্যাল বাংলাদেশ লিমিটেড, নবাবী ফুটওয়্যার লিমিটেড, হোয়াইট স্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেফটি হেলথ এবং মেসার্স শিমু অ্যান্ড সাজ্জাদ ফ্যাশন ওয়্যার।

আয়োজকরা জানান, কারিগরি শিক্ষা গ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সাথে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের জন্য দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এ মেলার মূল লক্ষ্য। মেলায় অংশগ্রহণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা সরাসরি চাকরিপ্রত্যাশীদের আবেদন গ্রহণ করেন এবং প্রাথমিক যাচাই-বাছাই শেষে স্পট সাক্ষাৎকারের প্রক্রিয়া সম্পন্ন করেন।

নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ মেলার সার্বিক বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা যেন সহজেই কাজের সুযোগ পায় এবং নিজেদের মেধা ও দক্ষতাকে দেশের শিল্পখাতে কাজে লাগাতে পারে, সেই লক্ষ্যেই ‘সিসিপ’ প্রকল্পের অধীনে আজকের জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এখানে নেত্রকোনা বিসিকের পাঁচটি চাকরিদাতা কোম্পানি অংশ নিয়েছে।”

তিনি আরও জানান, মেলায় চাকরিপ্রার্থীদের ব্যাপক সাড়া মিলেছে এবং ১৪৪ জন চাকরিপ্রার্থী কর্মসংস্থানের আশায় তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আগামী ছয় মাস পর আবারও এর চেয়ে বৃহৎ পরিসরে এ ধরনের চাকরি মেলা আয়োজন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় টিটিসির শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী এবং স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলাটি স্থানীয় কারিগরি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির: ৩ ধর্মের মানুষের অংশগ্রহণে খাল খনন উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন