গাজীপুরের কাশিমপুরে একটি টয়লেটের ছাদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
শুক্রবার (০১/০৫/২০২৬) ইং সকালে কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের হাতীমারা উত্তরপাড়া এলাকায় একটি কারখানা ভবনের পাশে থাকা টয়লেটের ছাদে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কীভাবে তিনি টয়লেটের ছাদে উঠলেন এবং তার মৃত্যু কীভাবে হয়েছে—সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। তবে স্থানীয়দের ধারণা, টয়লেটের ছাদের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনের সংস্পর্শে এসে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। কেউ এটিকে দুর্ঘটনা বলে মনে করছেন, আবার কেউ এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও আশঙ্কা করছেন।
স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় পল্লী বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তার অত্যন্ত নিচু দিয়ে টানানো হয়েছে, যা ঝুঁকিপূর্ণ। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। এখন ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।
পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি
দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী
ইমি/


