কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাবলী শবনাম। ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগ দিয়ে ভূমি প্রশাসনকে আরও কার্যকর ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রাজশাহী জেলায় জন্মগ্রহণ করা বাবলী শবনাম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। কুলিয়ারচরে দায়িত্ব নেওয়ার আগে তিনি গোপালগঞ্জ জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখানে তার সততা ও পেশাগত দক্ষতা প্রশাসনিক মহলে প্রশংসা কুড়ায়।
নতুন দায়িত্বে এসে তিনি কুলিয়ারচরের ভূমি সেবায় স্বচ্ছতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্যে তিনি কয়েকটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে—সরকারি খাস জমি দখলমুক্ত রাখা, ই-নামজারিসহ সকল ভূমি সেবা দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
বাবলী শবনাম জানান, “আমি চাই কুলিয়ারচরের মানুষ সহজে ও ঝামেলাহীনভাবে ভূমি সেবা পাবে। সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি জনবান্ধব ভূমি অফিস গড়ে তুলতে কাজ করবো।”
তার যোগদানে স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার দক্ষতা ও আন্তরিকতায় কুলিয়ারচরের ভূমি প্রশাসনে নতুন গতি আসবে।
পড়ুন- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
দেখুন- ‘মেয়েদেরকে ডিগ্রী পর্যন্ত শিক্ষাব্যবস্থা ফ্রী করে দিবো’


