চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার অভিযোগ করেন, ‘ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা’ পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করছে।
বিবৃতিতে তিনি বলেন, বিকেলে কলেজে বহিরাগতসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালায়, যাতে কয়েকজন গুরুতর আহত হন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
গোলাম পরওয়ার বলেন, মতভিন্নতা থাকা স্বাভাবিক হলেও তা সহিংসতার মাধ্যমে প্রকাশ গ্রহণযোগ্য নয়। ধারালো অস্ত্র নিয়ে হামলা এবং একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা পূর্বপরিকল্পিত সহিংসতার ইঙ্গিত দেয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কখনো সহিংসতার জায়গা হতে পারে না। এ ধরনের ঘটনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি তৈরি করছে বলেও সতর্ক করেন তিনি।
বিবৃতিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কলেজের একটি দেয়ালে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বিকেলে নিউমার্কেট মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল কলেজের দিকে অগ্রসর হলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে।
সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পড়ুন: সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ
আর/


