ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি বিশ্রামে আছেন।
তানিয়া বৃষ্টির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, প্রিয় অভিনেত্রী বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন চিন্তার তেমন কিছু নেই। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
পোস্টে উল্লেখ করা হয়, অভিনেত্রী তাঁর ভক্তদের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।চলতি বছরের শুরুতে তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাঁর প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছিল।
তবে পরবর্তীতে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফল হয়।২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন তানিয়া বৃষ্টি। এরপর টিভি নাটকে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৫ সালে `ঘাসফুল` সিনেমার মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক ঘটে। সর্বশেষ ২০১৯ সালে তাঁর অভিনীত `গোয়েন্দাগিরি` সিনেমাটি মুক্তি পেয়েছিল।দীর্ঘ বিরতির পর তানিয়া বৃষ্টির রায়হান খানের `ট্রাইব্যুনাল` সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরার কথা ছিল। বর্তমানে অসুস্থতার কারণে তাঁর সব ধরনের শুটিং ও কাজ বন্ধ রয়েছে। সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।
পড়ুন:বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ক্যামেরন ওয়াকার গ্রেপ্তার
দেখুন:মাশরুম চাষ পাল্টে দিয়েছে সফি উল্যার জীবন
ইমি/


