দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস ব্রেক ফেইল করে উঁচু রাস্তা থেকে নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় অর্ধশত আরোহী ছিল এবং তারা শিক্ষাসফরে যাচ্ছিলেন।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
পুলিশ জানিয়েছে, বাসটি ব্রেক ফেইল করে খাদে উল্টে গেলে ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হন।

কর্নেল সোফোন ফ্রামানেহে বলেন, ‘এটি ওপর থেকে নিচে নেমে আসার রাস্তা ছিল ও বাসটির ব্রেক ফেইল হয়েছিল এবং গাড়িটি উল্টে যাওয়ার আগে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।’
তিনি আরও বলেন, ‘যারা মারা গেছে তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং শিক্ষাসফরে যাচ্ছিলেন। বাসে ৪৯ জন আরোহী ছিলেন। চালকসহ সকলেই ছিলেন থাই নাগরিক।’
দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাজধানী ব্যাংকক থেকে ১৫৫ কিমি পূর্বে প্রচিনবুরি প্রদেশের ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।
থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জানান, ‘এই ঘটনায় তদন্ত চলছে।’

থাইল্যান্ডে যানবাহনের নিরাপত্তা মানদণ্ডের দুর্বল প্রয়োগ এবং খারাপ রাস্তার রক্ষণাবেক্ষণের কারণে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। ২০২৩ সালের প্রতিবেদন অনুসারে, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে থাইল্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৭৫টি সদস্য দেশের মধ্যে নবম স্থানে রয়েছে। গত বছর এক স্কুল বাসে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে ১৬ শিক্ষার্থীসহ ২৩ জনের মৃত্যু হয়েছিল।
এনএ/


