পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া ফেরিঘাটে ফেরির স্টাফের দায়িত্বে অবহেলার কারণে গরুবাহী একটি পিকআপ নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের প্রাণপণ চেষ্টার পরও পিকআপে থাকা গরুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গরুটি মারা যায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে টগড়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফেরির সিগন্যালম্যান আব্দুল বাতেন পিকআপ চালককে ফেরিতে ওঠার সংকেত দেন। পিকআপটির সামনের দুটি চাকা ফেরিতে ওঠার পরই ফেরিটি ঘাট ছাড়তে শুরু করে। এতে ভারসাম্য হারিয়ে গরুবাহী পিকআপটি নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে নেমে গরুটিকে বাঁচানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টার পর গরুটিকে উদ্ধার করা হলেও ততক্ষণে সেটি মারা যায়। গরুর মালিক রুবেল কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি সাতক্ষীরা থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন। সেটি বরগুনায় নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। গরুটি কেনার জন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। লাভের আশায় কেনা গরুটি দুর্ঘটনায় মারা যাওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত গরুর মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জিয়ানগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন নাগরিক টিভিকে জানান, গরুর মালিক রুবেল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : অবৈধ জালের কবলে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর, বিপন্ন দেশীয় মাছের প্রজনন


