নাটোরের লালপুরে স্ত্রীকে ভিডিও কলে রেখে আলামিন বিশ্বাস পলাশ (৩৮) নামে এক গ্রাম পুলিশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর লালপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের বাসিন্দা। তিনি লালপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাশের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে পলাশ তার দ্বিতীয় স্ত্রীকে ভিডিও কল দেন। কথা বলার একপর্যায়ে তাকে ভিডিও কলে রেখেই নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পড়ুন- ‘সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে’
দেখুন- মানিকগঞ্জে ভুট্টার বস্তায় মিলল পেট্রোল, ভোক্তা অধিকারে জরিমানা


