হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন এখন পর্যন্ত আগুনের তীব্রতা কমেনি। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে, এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্র। দ্রুত আগুন যেন নিয়ন্ত্রণে আসে, সে জন্য এই রোবট ব্যবহার করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানিয়েছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে, আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।
তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
এর আগে, দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে এখন মোট ৩৬টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।
পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।


