চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে এমআর (Measles-Rubella) ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৪৫ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে।
উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৪টি কিন্ডারগার্টেন এবং ১০১টি এবতেদায়ি নুরানি মাদ্রাসাসহ মোট ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই টিকাদান কার্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এবং উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. শুভ্র দেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, এমআর ভ্যাকসিন শিশুদের হাম ও রুবেলার মতো মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। এই কর্মসূচি শতভাগ সফল করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার প্রতিটি মসজিদে জুমার নামাজের সময় ইমাম-মুয়াজ্জিনদের দিয়ে এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা এই ক্যাম্পেইন সফল করার প্রধান শক্তি হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও জানান, শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে আগাম প্রচারণা চালানো হচ্ছে এবং শিক্ষকদের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা হচ্ছে, যাতে কোনো শিশু টিকা থেকে বাদ না পড়ে।
সভায় বক্তারা বলেন, এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে পটিয়ায় হাম ও রুবেলা নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে। এজন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার হিমু, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
পড়ুন : হবিগঞ্জে এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত


