ইন্দোনেশিয়া অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে বাংলাদেশ জাতীয় নারী হকি দল। টুর্নামেন্টের জমজমাট ফাইনালে চাইনিজ তাইপের কাছে ১-৩ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় লাল-সবুজের প্রতিনিধিদের। তবে শিরোপা না জিতলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়ে এশিয়ান গেমস নিশ্চিত করার মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশের মেয়েরা।
বুধবার (২৯ এপ্রিল) জাকার্তায় ফাইনালের শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। ম্যাচের মাত্র ৮ মিনিটে অধিনায়ক অর্পিতা পালের পেনাল্টি কর্নার থেকে করা গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথম কোয়ার্টার পর্যন্ত এই লিড ধরে রাখতে সক্ষম হয় তারা। তবে দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে চাইনিজ তাইপের ওয়াং চিউ ফিল্ড গোল করে সমতা ফেরান (১-১)। সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। এই কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে ফিল্ড গোল করে লিড নেয় চাইনিজ তাইপে। এর আট মিনিট পর তারা আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ বেশ কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও ফিনিশিংয়ের অভাবে গোল করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় অর্পিতাদের।
ফাইনালে হারলেও এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি অনেক। নারী হকিতে একটা সময় জাতীয় দলই ছিল না। সেখান থেকে উঠে এসে প্রথম আন্তর্জাতিক সফরেই ইতিহাস গড়েছে মেয়েরা। গ্রুপ পর্বে এই চাইনিজ তাইপের সঙ্গেই ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল।
শূন্য থেকে শুরু করে এশিয়ান গেমসের টিকিট হাতে নিয়ে ইন্দোনেশিয়া থেকে ফিরছে বাংলাদেশ নারী হকি দল। এই অর্জন দেশের নারী ক্রীড়াঙ্গনে এক নতুন বিপ্লবের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

