তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না নিগার সুলতানা জ্যোতি দল। এবার বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল সফররত শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে দুদল।
১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার হাসিনি পেরেরা। আর আউট হওয়ার আগে ৮ রান করেন ইমেশা দুলানি। এদিকে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করতে থাকা ওপেনার ও দলনেতা চামিরা আতাপাতু ব্যাট হাতে করেন ৪০ রান। ৩৯ বলে খেলা তার ইনিংসটি আটটি চারে সাজানো।
চতুর্থ উইকেটে হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। তবে জয় নিয়ে ফিরতে পারেননি এই দুই ব্যাটারের কেউই। ৪০ রানে করুনারত্নে ও ৫০ রানে সামারাবিক্রমা আউট হয়ে সাজঘরে ফেরেন। আর ৪ রানে ফেরেন কৌশানি। এরপর জয় নিয়ে মাঠ ছাড়েন কাভিশা ও নীলাক্ষী।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন নাহিদা আক্তার। আর একটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও রিতুমনি।
এর আগে রাজশাহীতে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু অধিনায়কের নেওয়ার সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশের টপঅর্ডাররা। মাত্র ৪ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ব্যাটার। ২ রানে জুয়াইরিয়া ফেরদৌস ও শূন্য রানে শারমিন আক্তার আউট হন।
দলনেতা জ্যোতি একপ্রান্ত আগলে রাখলেও তাকে সঙ্গ দিচ্ছিলেন না কেউই। সময়ের পরিক্রমায় বাংলাদেশ হারাতে থাকে একের পর এক উইকেট। ফিফটির দেখা পেয়েছেন জ্যোতি। আউট হওয়ার আগে করেন ৫৮ রান। ১০১ বলে খেলা তার এই ইনিংসটি চারটি চারে সাজানো।
এছাড়া শারমিন সুলতানা ২৫, সোবহানা মোস্তারি ৫, স্বর্ণা আক্তার ১৬, রিতুমনি ১৭, নাহিদা আক্তার ২০, রাবেয়া খান ১৫, মারুফা আক্তার ১ ও সুলতানা খাতুন ১ রান করেন। আর বাংলাদেশের ইনিংস থামে ১৬৫ রানে।
পড়ুন : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা


