প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, তীব্র গরমের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাজশাহীতে বুধবার (২২ এপ্রিল) তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে সরকারকে আরও তৎপর হতে হবে এবং বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, বর্তমানে প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এ সংকট মোকাবেলায় সরকারের মন্ত্রীদের আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে। শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে হবে।
তিনি অভিযোগ করেন, নানা কারণে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে, যার মধ্যে কৃত্রিম সংকট ও বৈশ্বিক পরিস্থিতিও রয়েছে। সরকার সংকট মোকাবেলায় সচেষ্ট—এ বিষয়টি জনগণের কাছে দৃশ্যমানভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে।
দেশজুড়ে চলমান তাপপ্রবাহ মোকাবেলায় বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, সংকট অস্বীকার না করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই এখন জরুরি।
পড়ুন: হাম রোগীকে অন্য হাসপাতালে রেফার করা যাবে না: স্বাস্থ্য অধিদপ্তর
আর/


