চলমান নারী বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ দল। ধারণা করা হচ্ছিল, নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ জয় পেতে পারে টাইগ্রেসরা। কিন্তু ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি জ্যোতিরা। টানা ৫ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচের ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তারা।
রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
হারমানপ্রীতদের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে টাইগ্রেসরা। এই দলটার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও, তাদের হারানোর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা।
বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে চিন্তার কারণ ব্যাটিং। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও, রান রেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন জ্যোতি, সুপ্তারা।
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তো হারতে হয়েছে জেতা ম্যাচ। তাই শক্তিমত্তায় এগিয়ে থাকলেও, ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে টাইগ্রেস।
আগের ম্যাচে ভারতীয় ব্যাটাররা যে ফর্ম দেখিয়েছে তাতে চ্যালেঞ্জটা থাকবে বোলারদের উপর। মারুফা, তৃষা, নাহিদাদের দিতে হবে নিজেদের সেরাটা। ব্যাট হাতে ছন্দে থাকলেও, স্ট্রাইক রেটে বেশি গুরুত্ব দিতে হবে জ্যোতি, ফারজানা, সুপ্তাদের।
অন্যদিকে দারুণ ছন্দে ফিরেছে ভারত। কঠিন পরীক্ষার মুখে ছিল স্বাগতিকরা। তবে সবশেষ ম্যাচ জিতে নিশ্চিত হয়েছে সেমিফাইনাল।আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মৃতি মানধানা। রান পেয়েছেন প্রতীকা রাওয়ালও। গোটা আসর জুড়ে পারফর্ম করছেন জেমাইমা রদ্রিগেজ, দেওলরা।
বল হাতে ছন্দে আছেন দীপ্তি শর্মা, ক্রান্তি, রেনুকারা। তাছাড়া ঘরের মাঠের চেনা কন্ডিশনে এগিয়ে থাকবে ভারতই। তবে লড়াই দুই প্রতিবেশীর বলেই বাড়তি উন্মাদনা থাকবে ম্যাচে সেটা বলাই যায়।
পড়ুন : ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার


